আজ থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি প্রশ্ন, মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন এবং শত শত নোটিশ—এমন বিস্তৃত কর্মসূচি নিয়ে আজ সোমবার যাত্রা শুরু করছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
সংসদ সচিবালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিনের বৈঠক শুরু হবে দুপুর ৩টা ৩০ মিনিটে। পরবর্তী কার্যদিবসগুলোতে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদ বসার কথা রয়েছে। প্রয়োজনে সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবেন স্পিকার।
এবারের অধিবেশনে আইন প্রণয়ন ও বিভিন্ন নীতিগত বিষয়ে আলোচনার পাশাপাশি তিনটি নতুন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। সরকারি ক্রয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত এসব অধ্যাদেশ ২০২৬ সালে জারি করা হয়েছে। অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিলও প্রস্তুত রয়েছে।
সংসদ সদস্যদের কাছ থেকে পাওয়া প্রশ্ন ও প্রস্তাবের সংখ্যাও উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রীর কাছে জবাব চেয়ে ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের কাছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া বিভিন্ন বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য ৯২টি নোটিশ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব হিসেবে ২৮১টি নোটিশ জমা হয়েছে।
অন্যদিকে সংসদ ভবনের পরিবেশ ও জ্বালানি ব্যবস্থাপনায় পরিবর্তনের উদ্যোগও আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন, যা বৈঠকে উপস্থিত সদস্যরা সমর্থন করেন
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, প্রকল্পটি থেকে প্রায় ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সংসদের অধিবেশন চলাকালে বিদ্যুতের চাহিদা প্রায় ৬ মেগাওয়াট হওয়ায় উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ থাকবে। তবে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।



আপনার মতামত লিখুন